নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনিয়ন পরিষদে বিএনপির তালা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগে কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যান কার্যালয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে পরিষদে তালা দেন তারা। এ ছাড়া যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের ইজারা আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করেন তারা।

জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানার নেতৃত্বে কেক কেটে বিভিন্ন সেøাগান দেওয়া হয়। এ ঘটনায় গতকাল সকালে যদুবয়রা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পশুর হাটের ইজারা আদায় ঘর ভাঙচুর করে ইউপি কার্যালয়ে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে পরিষদ থেকে সচিব, গ্রাম-পুলিশ ও সেবাপ্রত্যাশীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন তারা।

ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা গত শনিবার রাতে পরিষদ এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। তাদের এই অপরাধের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

পরিষদে তালা লাগানো ও হাটের ইজারা আদায় ফ্রি করার ঘটনা স্বীকার করে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, ‘আওয়ামী লীগের দোষর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবে না। হাটে কেউ ইজারা আদায় করতে পারবেন না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবু দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক যদুবয়রা পশুর হাট পরিচালনা কমিটির এক সদস্য বলেন, ‘প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে। বিএনপি নেতাকর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গত শনিবার ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। কে বা কারা কেক কেটেছে, কিছু জানি না। সেজন্য পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।’