দেশের আঠারো কোটি মানুষের ভোটবঞ্চনার দুঃখ ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রবিবার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি)’ উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ ভোটারদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি। তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।
কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত কোনো ভুল করবে না কমিশন উল্লেখ করে সিইসি বলেন, কাজ করতে গিয়ে অনেক সময় ভুল-ত্রুটি হয়। যদি কোথাও ভুল হয়, আমাদের বলবেন, আমরা ঠিক করে নেব। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য একটা বিশ্বাযোগ্য নির্বাচন করা। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি। সেই পর্যন্ত যাতে পৌঁছাতে পারি, সেটি লক্ষ্য রাখবেন। এটি একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যা আজ থেকে শুরু হয়েছে, সফল হওয়ার আগ পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত বলেও মনে করে কমিশন। এ সময় ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
নির্বাচন কমিশনার তাহমিনা আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। ইসির কোনো কর্মকর্তা দূরভিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটার সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ, সেখান থেকে এবার বেরিয়ে আসতে পারবে কমিশন।