বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনশেষেই জয়ের সুবাস পাচ্ছিলো আফগানিস্তান। পথের কাঁটা ছিল স্রেফ দুটি উইকেট। তবুও এ জয়ের পথে বাধা হিসেবে ক্রিজে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন। সেই আনুষ্ঠানিকতা সারতে মাত্র ১৫ বল অপেক্ষা করতে হয় আফগানদের। ৭২ রানে ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছেন রশিদ-শাহিদিরা।
২৭৮ রানের লক্ষ্যে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান নিয়ে থেমেছিলো জিম্বাবুয়ে। আর কোন রান যোগ না করেই গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে টেস্টে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখান রশিদ। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি পেয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সিরিজে সবচেয়ে বেশি রান করে হয়েছেন সিরিজসেরা। চার বছর পর সাদা পোশাক গায়ে জড়িয়ে রশিদ নিজের স্পিন জাদুতে ঘায়েল করেছেন জিম্বাবুয়েকে। এ নিয়ে ৬ টেস্টের ক্যারিয়ারেই তিনবার ম্যাচে ১০ উইকেট পাওয়া রশিদের মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ৪৫টি। ছুঁয়েছেন ভারনন ফিল্যান্ডারকে। এ তালিকায় তার উপরে আছেন শুধু ১৯ শতকের অস্ট্রেলিয়ার বোলার চার্লি টার্নার। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে ৫০টি শিকার ধরেছিলেন তিনি।