আওয়ামী লীগ নেতা ও খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দন।
আদালত সূত্র জানায়, সালাম মুর্শেদীকে কড়া পুলিশি প্রহরার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। ভোট চোর, ভোট চোর বলেও তারা স্লোগান দেয়। শুনানি শেষে তাকে কড়া প্রহরাও আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, দিঘলিয়া থানার একটি মামলায় সোমবার আব্দুস সালাম মুর্শেদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজিরার দিন ধার্য ছিল। দুপুর ১২টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় জামিন আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
উল্লেখ্য, আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানার একটি মামলায় তার জামিন আবেদন করেন তার আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট সালাম মুর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হয়।