কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি এলজিসহ সালাহ উদ্দিন খান নামে এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। অভিযানকালে সেনাবাহিনী স্থানীয় সন্ত্রাসীদের একটি টর্চার সেলের সন্ধান পায়। আটক সালাহ উদ্দিনের বাড়ি উপজেলার গুণবতী ইউনিয়নের কালিয়াতল এলাকায়। সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়।
চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের একটি দল গত রবিবার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সালাহ উদ্দিন খানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের ‘লন্ডনি বাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি টর্চার সেলের সন্ধান পায় সেনাবাহিনী। দোতলা ওই ভবনের একটি কক্ষ নির্যাতন সেল হিসেবে ব্যবহার করত স্থানীয় সন্ত্রাসীরা। আটক সালাহ উদ্দিন খানকে গতকাল সোমবার সকালে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।