আসিফ নজরুলের প্রত্যাশা

সুস্থ হয়ে গণতন্ত্রে ভূমিকা রাখবেন খালেদা জিয়া

বিদেশে উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে গণতন্ত্র ও অগ্রগতিতে ফের ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।’

আসিফ নজরুল বলেছেন, গত নভেম্বরে যখন চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন তিনি সৌজন্য সাক্ষাৎ করতে খালেদা জিয়ার বাসভবনে যান। ওই সময় তাদের মধ্যে একান্তে কিছুক্ষণ কথাবার্তা হয়। আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন। তারপর ম্লাননকণ্ঠে বলেন, রাগ করে কী করব বলেন! আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার ওই কথায় ‘বিস্মিত’ হই আমি।

তিনি লিখেছেন, পনেরটা বছর শেখ হাসিনা কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একই সঙ্গে উনার দলের হাজার হাজার নেতাকর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

পোস্টে আইন উপদেষ্টা লেখেন, খালেদা জিয়া গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাফল্যও কামনা করেন। খালেদা জিয়া জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।