বুমরাকে আখের মতো চিপে রস বের করা হয়েছে: হরভজন

অস্ট্রেলিয়ার মাটিতে সদ্যই বোর্ডার-গাভস্কার ট্রফি খুঁইয়ে এসেছে ভারত। বিশেষ করে সফরকারীদের ব্যাটসম্যানদের অবস্থা ছিল করুণ। কেউই ধারাবাহিক ছিলেন না। দলের একমাত্র ধারাবাহিক পারফর্মার ছিলেন জসপ্রিত বুমরা। ৯ ইনিংসে ৩২ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। শেষ টেস্টে চোট পাওয়ায় এক ইনিংস বল করতে পারেননি। এর জন্য দলকেই দায়ী করছেন হরভজন সিং।

ভারতের বোলারদের মধ্যে পুরো সিরিজে বুমরার চেয়ে বেশি ১৫৭.১ ওভার বোলিং করেছেন শুধু মোহাম্মদ সিরাজ। অবশ্য তিনি ৫ টেস্টে ১০ ইনিংসেই বোলিং করেছেন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতে, আখকে চিপে যেভাবে ছোবড়া বানানো হয়, বুমরাকে বোর্ডার–গাভাস্কার সিরিজে সেভাবেই ব্যবহার করা হয়েছে। এটাই তার পিঠের চোটে আক্রান্ত হওয়ার কারণ।ভারতের সাবেক স্পিন তারকা হরভজন সিং।

নিজের ইউটিউব চ্যানেলে ৩৬৭ ম্যাচে ৭১১ আন্তর্জাতিক উইকেটের মালিক হরভজন বলেছেন, ‘আখ চিপে যেভাবে সব রস বের করে নেওয়া হয়, সেভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাকে দাও; মারনাস এসেছে, বলটা বুমরাকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, বুমরাকেই দাও বলটা।’

সাবেক এই অফ স্পিনার আরও বলেছেন, ‘বুমরা কত ওভার বোলিং করবে? অবস্থা এমন করে ফেলা হয়েছিল যে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম (সিডনি) টেস্টটি জিততই, কিন্তু ৮টি উইকেটও পড়তে পারত, কাজটা তাদের জন্য কঠিন হতো। তার পিঠটা ভেঙে ফেলা হয়েছে। তাকে দিয়ে কত ওভার বোলিং করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যানেজমেন্টের।’