আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার। তার জীবনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘নয়নতারা বিয়ন্ড দ্য ফেইরি টেল’ আবারও আইনি বিতর্কের মুখে পড়েছে।
এই ডকুমেন্টারিতে ‘চন্দ্রমুখী’ সিনেমার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শিভাজি প্রোডাকশনস নেটফ্লিক্স এবং অভিনেত্রী নয়নতারা’র বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি রুপি দাবি করেছে। তবে, এই বিতর্কের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন হাউজটি এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ডকুমেন্টারিতে ফুটেজ ব্যবহারের জন্য তারা অনুমতি দিয়েছে এবং এ নিয়ে কোনো আইনি সমস্যা নেই।
শিভাজি প্রোডাকশনসের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ডকুমেন্টারিতে ফুটেজ ব্যবহারের জন্য আমরা অনুমতি দিয়েছি। রাউডি পিকচারস-কে এই ফুটেজ ব্যবহার, পুনরুৎপাদন, বিতরণ এবং সাব-লাইসেন্স করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করছি যে, এই ফুটেজ ব্যবহারে আমাদের কোনো আপত্তি নেই।’
এর আগে ‘নানুম রাউডি ধান’ ছবির প্রযোজক ধানুশও নেটফ্লিক্স এবং নয়নতারা’র বিরুদ্ধে ১০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে একটি আইনি নোটিশ পাঠান।
নয়নতারা এই পদক্ষেপের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডকুমেন্টারিতে ব্যবহার করা ফুটেজ ব্যক্তিগত ফোনে ধারণ করা হয়েছিল এবং ছবির ফুটেজ ব্যবহার করার জন্য ধানুশের প্রোডাকশন হাউসের কাছে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো সাড়া দেননি।
উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘চন্দ্রমুখী’ তামিল সিনেমার জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন রজনীকান্ত, জ্যোতিকা এবং প্রভু।