জয়দেবপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগে ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশন মাস্টার জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইন বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে।