সুপ্রিম কোর্টে কর্মরতদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে থাকা সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-৪ শাখা কর্তৃক প্রকাশিত গত ২৬ ডিসেম্বরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে থাকা সম্পদের বিবরণী নির্ধারিত ফরমে হাতে বা কম্পিউটারে কম্পোজ করে ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রশাসন শাখায় এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদেরকে সাধারণ ও সংস্থাপন শাখায় আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে প্রেরণ/দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অফিস আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।