চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ প্রদর্শনী শুরু

রাজধানীতে শুরু হয়েছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশের ২২তম (জিটিবি ২৫) এবং গ্যাপ এক্সপোর ১৪তম সংস্করণ। তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আইসিসিবির ৪ নম্বর হলের মেজানিন ফ্লোরে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

আইসিসিবির আটটি হল জুড়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে ২৫ দেশের ৫০০ প্রতিষ্ঠান। তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তি নিয়ে ২১ বছর ধরে প্রদর্শনীর আয়োজন করে আসছে জিটিবি। এই প্রদর্শনীতে আরএমজি সেক্টরের কাটিং, সেলাই ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারি, খুচরা জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যায়।