খাদ্য মন্ত্রণালয়

এপিএসের পর এবার সরানো হলো ব্যক্তিগত কর্মকর্তাকে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। এ ঘটনায় এপিএসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এবার সরিয়ে দেওয়া হলো খাদ্য প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে। যিনি নিয়মবহির্ভূতভাবে এপিএসের সফরসূচির অফিস আদেশ তৈরি করেছিলেন। গত শনিবার এক অফিস আদেশে তাকে সরিয়ে দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ক্ষেমালিকা চাকমার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে উক্ত দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কেন সরিয়ে দেওয়া হলো তার কোনো কারণ বলা হয়নি।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপিএস আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য গত ৮ অক্টোবর সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।

মন্ত্রণালয় সূত্র জানায়, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে, সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। এবার তাকেও সরিয়ে দেওয়া হলো।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত