সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এখন আর আগের মতো ভোট হবে না। আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সর্তক করে দিচ্ছি, অনড় থাকবো। কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় এ জন্য সবার সহযোগিতার প্রয়োজন। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে এটাই আমাদের প্রত্যাশা। আগে ফেভার না করলে চাকরি নিয়ে টান পড়তো। অফিসাররা যখন কাজ করতো তখন কাউকে কাউকে ফেভার করার কথা বলা হতো। ফেভার না করলে অসুবিধা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের একটি কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার প্রায় ৭০ হাজার লোকবল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা হবে। এর ব্যত্যয় হবে না। এতো লোকবল কাজ করবে তারপরও যদি নির্ভুল ও সমৃদ্ধ ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে না পারি তা হলে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, যুগ্ম সচিব মো. মইন উদ্দিন খাঁন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, প্রকল্প পরিচালক সিবিটিইপি মোহাম্মদ মোস্তফা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।