টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপে যাচ্ছে মেয়েরা

মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয়টি জিতে সিরিজে টিকে ছিল। আজ কলম্বোয় সিরিজের শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজের শেষ ম্যাচে ২১ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১২৭ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। তাতে সিরিজ ২-২ ড্র হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিজেদের ঝালাই করে নেয়ার শেষ সুযোগ ছিল এই সিরিজ।

এদিন বাংলাদেশের হয়ে ২৪ রানের বেশি করতে পারেনি কেউ। তবে সাত ব্যাটার খেলেন দুই অঙ্ক ছোঁয়া ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলেই বাউন্ডারি মারেন ফাহমিদা ছোঁয়া। ৭ বলে ১১ করে ফেরেন ফাহমিদা। ৪ ওভারে ৩৯ রান করে বাংলাদেশ।

সপ্তম ওভারে পরপর দুই বলে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা (১৫ বলে ১৩) ও ঈভা (১৭ বলে ২০)। এরপর সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। শেষ দিকে ১টি করে চার-ছক্কায় ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলে দলকে ১২৬ রানে নিয়ে যান সাদিয়া আক্তার।

লক্ষ্য তাড়ায় করতে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রানের ইনিংসে একপ্রান্ত আগলে রাখেন। সাত নম্বরে নেমে ৫ চার, ২ ছক্কায় হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের ইনিংস। তবে ইনিংসগুলো শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশের জান্নাতুল নেন ৩ উইকেট নেন জান্নাতুল। এছাড়া ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৯ রানে ১ উইকেট নেন নিশিতা আক্তার।