লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মার্কিন-সমর্থিত সেনাপ্রধান জেনারেল জোসেফ আওন। দুই দফা ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার লেবাননের সংসদ তাকে নির্বাচিত করে। এর ফলে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও রাষ্ট্রপতি শূন্যতার অবসান ঘটল।
সিএনএ জানিয়েছে, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র জেনারেল আওনের পক্ষে সমর্থন আদায়ে কাজ করেছে। জেনারেল আওন ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন।
এরপর বক্তব্যে বলেন, লেবাননের জন্য একটি নতুন যুগ শুরু হলো। তিনি দেশটিকে বহুমুখী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি দেশের অস্ত্রভাণ্ডার শুধু রাষ্ট্রীয় অধীনে থাকবে বলে জানান যা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়।
তিনি বলেন, লেবানন নিজের প্রতিরক্ষা কৌশল তৈরি করবে। ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি পেতে আগ্রাসনের জবাব দেবে।
২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আওনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে লেবাননে প্রেসিডেন্টের পদ শূন্য ছিল। সাবেক প্রেসিডেন্ট ইরান-সমর্থিত হিজবুল্লাহর সমর্থনপুষ্ট ছিলেন।
অপরদিকে ২০১৯ সাল থেকে ইতিহাসের সবচেয়ে খারাপ আর্থিক সংকটে জর্জরিত লেবানন। বিশ্বব্যাংকের মতে, হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধের ফলে লেবাননে ৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যার মধ্যে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারেরও বেশি।