ফেব্রুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। এ বছর বেশ কিছু সমস্যা ছিল। সেগুলো কাটিয়ে উঠেছি। আশা করছি, আগামী বছর জানুয়ারির ১ তারিখেই বই পাবে সবাই।
গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘ক্যাবিনেট মিটিংয়ের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে যে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আগের সরকার পাঠ্যপুস্তক উৎসব করতো এবং এক দিনে সবাই বই পেত বলে অনেকেই বলছেন। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি, তাতে বেশিরভাগ সময় ২০১০ সালের পর থেকে সব বই বিতরণ করতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাস হয়ে গেছে।’
এর স্বপক্ষে প্রমাণ দিয়ে প্রেস সচিব বলেন, ২০২২ সালে পাঠ্যপুস্তক বিতরণের সবশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ সালে ১৭ মার্চ ও গত বছর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, ‘এই সরকার দায়িত্ব নিয়েছে আগস্টের ৮ তারিখে। এরপরই আমরা কাজ শুরু করেছি। অন্যান্য বছর পাঠ্যবইয়ের কাজ শুরু হয় জুন-জুলাই থেকে। আমরা দেরিতে কাজ শুরু করেই দ্রুত কাজ করছি। এ বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। যেসব বাধা ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠেছি।’
তিনি বলেন, ‘বই ছাপানোর কাজটি কয়েক হাজার কোটি টাকার প্রকল্প। কিন্তু আগে পুরো কাজটি চলে গিয়েছিল ভারতে। সেখান থেকে বই ছাপা হতো। ওখানকার পেপার কোম্পানি, প্রিন্টিং কোম্পানিগুলো ফুলেফেঁপে উঠছে। সেই জায়গা থেকে আমরা আমাদের দেশে বই ছাপানোর কাজ নিয়ে এসেছি। আমরা দেখাতে চাচ্ছি, আমাদের দেশীয় শিল্পের সেই সক্ষমতা আছে। ইতিমধ্যে তারা তার প্রমাণও দিয়েছে। ১১ কোটির বেশি বই এরই মধ্যে ছাপা হয়েছে। এটা আমাদের দেশীয় শিল্পের জন্যও বড় সুখবর।’
চট্টগ্রামে জলাবদ্ধতার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া রাজধানীর যানজট নিয়েও ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা রাজধানীর বাসিন্দাদের চরম ভোগাচ্ছে। কত দ্রুত এই যানজট নিরসন করা যায়, তা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর প্রমুখ।