‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়’ –অশ্বিনের মন্তব্যে তোলপাড়

ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিতই দেখা যায়। নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিশ্লেষণ করেন। এবার অবশ্য সোশ্যাল মিডিয়া নয়, চেন্নাইয়ের একটি কলেজে বক্তৃতা দিতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের এই কিংবদন্তি স্পিনার। সেখানে তিনি বলেছেন, হিন্দি ভারতের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।

২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, বহু ভাষাভাষীদের দেশ ভারতের ৪৩.৬৩ শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি। তবে তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোর পুরনো অভিযোগ হলো, ভারতের কেন্দ্রীয় সরকার জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চায়। ২০১৯ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘এক দেশ, এক ভাষা’র কথা বলায় তীব্র প্রতিবাদ হয়েছিল। এবার তাতে ঘি ঢাললেন অশ্বিন।

হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই নতুন কিছু নয়। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে প্রশ্ন করেন, ‘এখানে ইংরেজি কতজন বোঝে?’ ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এরপর অশ্বিন তামিল নিয়ে প্রশ্ন করলে ভালোই সাড়া পাওয়া যায়।

সবশেষে অশ্বিন বলেন, ‘হিন্দি কতজন বোঝে?’ এবার কলেজের ছাত্রছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম শোনা যায়। ঠিক তখনই অশ্বিন বলেন, ‘হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্র ভাষা নয়।’ অশ্বিনের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতের ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে বহু পুরনো একটি ইস্যু অশ্বিন আবার নতুন করে সামনে আনলেন কিনা- সেই প্রশ্নও উঠছে।