অভিষেককে ‘স্লগার’ বলায় আমিরকে কড়া জবাব অশ্বিনের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ‘ডাক’ মারার পর অভিষেককে নিয়ে তিনি এই খোঁচা মারেন। এবার সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি ব্যাট হাতে অভিষেক নিজেও সমালোচকদের জবাব দিয়েছেন।

ফিক্সিং করে ক্যারিয়ারের বারোটা বাজানো আমিরের বক্তব্য ছিল, অভিষেক রক্ষণাত্মক ব্যাটিং জানেন না। তিনি শুধু আক্রমণাত্মক ব্যাটিং জানেন। তবে গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের প্রতিভা প্রমাণ করেন অভিষেক। তার এই ইনিংসে ভারত ৪ উইকেটে ২৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয়।

এরপরই আমিরের মন্তব্যের জবাবে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘মোহাম্মদ আমির অভিষেককে স্লগার বলেছেন, এটা আমি দেখেছি। আমি একটাই বলতে চাই, আপনি তার খেলা নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু সে স্লগার নয়। তার ব্যাটের মুভমেন্ট এই সময়ের ক্রিকেটে অন্যতম সেরা। আমরা সবাই জানি যুবরাজ সিং তার মেন্টর। তার ব্যাটের মুভমেন্ট সম্ভবত যুবরাজের চেয়েও ভালো। অভিষেক বড় শট খেলতে পারে, তাই হয়তো কেউ কেউ ভুলে তাকে স্লগার ভাবে। অভিষেক প্রতিটি বলেই তার আগ্রাসী মানসিকতা দেখায়।’

জিম্বাবুয়ে ম্যাচের পর অভিষেক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারলে সব সময় ভালো লাগে। আমি অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটা করতে পেরে আমি খুব খুশি। আমি শুধু কিছুটা সময় উইকেটে কাটাতে চেয়েছিলাম। সতীর্থরা আমার পাশে ছিল। তারা সবসময় বলেছে, “তোমার সুসময় চলে এসেছে, শুধু বিশ্বাস রাখতে হবে।” আমি সেটাই করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত