হেলসের বিরুদ্ধে ‘জুনিয়র ক্রিকেটারকে অ্যাবিউজের’ অভিযোগ তামিমের!

মাঠের ঘটনা যখন মাঠের বাইরে গড়ায়- তখন সেটা ডালপালা বিস্তার করে। শুরুটা করেছিলেন অ্যালেক্স হেলস, এবার তারই ধারাবাহিকতায় মুখ খুললেন তামিম ইকবালও। গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচের পর তামিম-হেলসের সেই বিবাদ নিয়ে এবার সামনে এলো ভিন্ন তথ্য। তামিম জানালেন, এক জুনিয়র ক্রিকেটারকে ‘অ্যাবিউজের’ প্রতিবাদ করেছেন তিনি।

ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন, ‘মাঠের মধ্যে অনেক কিছুই হয়। আমি এটা মাঠের মধ্যেই রাখতে চাই কিন্তু আমি দেখলাম তাদের টিম, সে একটা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে। আমার মনে হয়েছে, মানুষের আমার বিষয়টাও জানা উচিত। আমি বলব, কেউ কাউকে কিছু না বললে বা কিছু না করলে কেন সে তার (হেলস) সাথে ঝামেলায় জড়াবে?’

মূল ঘটনা নিয়ে তামিমের বক্তব্য, ‘সে (হেলস) লাস্ট ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের ১৭ বছর বয়সী ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে। এটা টিভিতে দেখা গেছে। আজকেও তাকে ব্যঙ্গ করেছে। তারপর উদযাপনের একটা ভিডিওতে দেখবেন। রংপুর অসাধারণ একটা ম্যাচ জিতেছে, এটা আমরাও করতাম। সবাই সোহানের দিকে দৌড় দিয়েছে, কিন্তু হেলস আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল।’

ম্যাচের শেষ ওভারে কাইল মেয়ার্স বেদম পিটুনি খাওয়ায় তামিমকে খুব বিরক্ত দেখাচ্ছিল। হেলস সেটা বুঝতে পেরেই হয়তো তামিমকে চটানোর চেষ্টা করেন, ‘হেলস ওখান থেকেই আমাকে ব্যঙ্গ করছিল যেন সে একটা ফাইট চাচ্ছে। এরপর আবারও সে ইকবাল হোসেন ইমনকে উল্টাপাল্টা কথা বলছিল তখন আমার একটা অবস্থান নিতে হতো এবং আমি আমার সতীর্থের জন্য এটা করতে লজ্জিত হইনি। এরপর আমিও বলেছি, সেও বলেছে।’বিপবিপিএলে রংপুর রাইডার্সে খেলছেন অ্যালেক্স হেলস।

এদিকে একটি টেলিভিশন চ্যানেলে হেলস অভিযোগ করেছেন যে, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিল! সে এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। ২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যিই লজ্জার। তাকে বলার কিছু নেই। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’

তবে হেলসের বিয়ার পান করে নিষেধাজ্ঞার বিষয়টি জানতেন না বলেই দাবি তামিমের, ‘সে একটা অভিযোগ করেছে বিয়ার খাওয়ার, ২১ দিন নিষিদ্ধ ছিল এমন। আমি আসলে ওকে তেমন ফলো করি না। নিষেধাজ্ঞার বিষয়টাও জানতাম না। এতটুকু জানি ওর নামে ইংল্যান্ডে অনেক অভিযোগ আছে। আমাকে বা আমার দলের কাউকে এমন কিছু বললে আমাকে টিভিতে যেমনই দেখাক আমি অবশ্যই প্রতিবাদ করব।’

উল্লেখ্য, গতকালের সেই ঘটনায় ইতোমধ্যেই তামিম ইকবালকে শাস্তি দেওয়া হয়েছে। দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ রেফারি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। তামিম দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।