ঘরের কথা পরকে বলায় সুজনের ওপর চটেছেন সাব্বির

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

বিপিএলের শুরু থেকেই একটা প্রশ্ন সবার মনেই ঘোরাফেরা করছিল যে, সাব্বির রহমান কোথায়? তাকে কেন মাঠে নামানো হচ্ছে না? অবশেষে ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজন নিজেই জানিয়ে দেন যে, ‘শৃঙ্খলাভঙ্গের’ কারণে সাব্বিরকে মাঠে নামানো হয়নি। সাব্বির নাকি টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত থেকেছিলেন। সুজনের এসব কথায় বেজায় চটেছেন সাব্বির।

গতকাল বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৩ চার ৯ ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে সাব্বির তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিষয়ে বলেন, ‘কোচের সঙ্গে কথা হয়েছিল আমার। কোচকে বলেছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে। তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয় দলের ভেতরের কথাগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো।’

অবশ্য মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সাব্বিরে বিরুদ্ধে নতুন নয়। স্রেফ এ কারণেই তার ক্যারিয়ার থমকে গেছে। সাব্বির নাকি নিজেকে শোধরানোর চেষ্টা করেন, কিন্তু মানুষ তার পেছনে লেগে থাকে! তার ভাষায়, ‘ছোট থেকেই এসব সামলে আসছি, বড় হয়ে নিজেকে কীভাবে সামলাব। তবু সাব্বির রহমানের কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। কিন্তু আশপাশের কিছু লোক হয়তো আমাকে ভালো হতে দিচ্ছে না। তবে এটা নিয়ে আমি বেশি চিন্তিত নই। আমার কাজ খেলা, পারফরম করা। সেটাই করছি।’

সাব্বিরের এমন ইনিংসের পরও অবশ্য জিততে পারেনি ঢাকা। এই নিয়ে আসরে টানা পাঁচ ম্যাচ হারল সাব্বিরের দল। গতকালের ইনিংস আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে বলে জানিয়েছেন সাব্বির। দল জেতাতে না পারার আফসোসের মধ্যেও তৃপ্তি, ‘ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে। খুব আত্মবিশ্বাস অনুভব করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত