জিয়াকে নিয়ে গান বন্ধ করলেন কর্মকর্তা

কিশোরগঞ্জে জেলা শিল্পকলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার ছিল ‘বেদের মেয়ে জোছনা’ যাত্রাপালা। ওই দিন সন্ধ্যায় যাত্রাপালার উদ্বোধনী সংগীত শুরু হয় শহীদ জিয়াউর রহমানকে নিয়ে।

যাত্রা শিল্পীরা গানটি কয়েক কলি গাইতেই বন্ধ করে দেন জেলা শিল্পকলার কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর। পরে আবার বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি শুরু করলে সেটাও বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সংস্কৃতিকর্মী মাসুদুর রহমান মিলন বলেন, ‘যাত্রার শুরুতে বিএনপির দলীয় ও শহীদ জিয়াউর রহমানকে নিয়ে গান শুরু করলে ৩ মিনিট পরই কালচারাল অফিসার তা বন্ধ করে দেন। আমি তখনই প্রতিবাদ করি। অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে ধারণকৃত লাইভও তারা ডিলেট করে দেন।’

এ ব্যাপারে জানতে কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরকে মোবাইলে কল করলে তিনি খুবই ব্যস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমি ওখানে উপস্থিত ছিলাম না।

তবে আওয়ামী লীগ সরকারের লোকজন এখনো বিভিন্ন অফিসে রয়েছে। তারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। শিল্পকলার বিষয়টি যদি এমনই হয়ে থাকে তাহলে জেনে পদক্ষেপ নিতে হবে।’