বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে সন্ত্রাসীরা কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর গোরস্তান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় রাজীবকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, হামলায় রাজীবের দুই পা, হাত ও বুকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার করে বাসায় ফেরার পথে পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে রাজীবকে কোপায়। রাজীবের বোন শাহীনা আজমিন বলেন, স্থানীয় বাচ্চু নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। এর জেরে বাচ্চুসহ আরও একজন তার ভাইকে এভাবে কুপিয়েছে।
ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। রাজীবের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।