মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নিহত গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের গায়ে আঘাতের চিহ্ন থাকায় পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
নিহতের নাম মাহমুদা আক্তার (৩৮)। তিনি আড়ালিয়া গ্রামের ইমরানের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। মাহমুদার স্বামী ইমরান সৌদি আরব প্রবাসী। প্রায় এক মাসে আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। আজ তার প্রবাসে ফেরার কথা ছিল।
জানা যায়, শুক্রবার সকালে শ্বশুরবাড়িতে যাওয়া এবং মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পর বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মাহমুদাকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা মর্জিনা বেগম বলেন, ‘শুক্রবার সকালে মেয়েজামাই আমাকে কল দিয়ে লাইনে রেখে মেয়েকে মারধর করতে থাকে। সকাল ১০টার দিকে মেয়েকে দ্বিতীয় দফা মারধর করা হয়। আমার ধারণা এ সময়ই সে মারা যায়। বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো হয়েছে।’
নিহতের ভাশুর ওয়াসিম বলেন, ‘মেয়েটির রাগ অনেক বেশি ছিল। আমার ছোট ভাই সেটা মেনে নিয়ে সংসার করার সর্বোচ্চ চেষ্টা করেছে। আজ (গতকাল) সকালে দরজা বন্ধ করে একবার আত্মহত্যার চেষ্টা করলে আমরা তাকে উদ্ধার করি। এর কিছুক্ষণ পর সে আবারও ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জানালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’