কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। সম্মেলনের জন্য করা বাঁশের প্যান্ডেলের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমসহ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে। এদিকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে সম্মেলন বন্ধে চিঠি দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিএনপির সম্মেলন বন্ধে গত ২ জানুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান ছাড়াও বাঁশের প্যান্ডেল অপসারণ করতে জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে চিঠি দেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে। বিজিএফসিএল ব্রাহ্মণবাড়িয়ার মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় ব্যাঘাত ঘটছে। তাই আমরা সম্মেলন বন্ধে সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়েছি।’