ইরা যাদব, ১৪ বছর বয়সী এ ভারতীয় ক্রিকেটার রয়েছেন বিশ্বকাপে দেশটির অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায়। আজ ১৫৭ বলে ৩৪৬ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেছেন ইরা। ২২০.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি ৪২টি চার ও ১৬টি ছক্কা হাঁকান। ভারতের নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এটিই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে দেশটির নারীদের ঘরোয়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে এ ইনিংস উপহার দেন তিনি। তার এমন ইনিংসের সৌজন্যে ৩ উইকেটে ৫৬৩ রানের বিপুল সংগ্রহ পায় মুম্বাই। ইনিংস উদ্বোধন করতে নেমে হারলে গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন ইরা। ৭৯ বলে ১১৬ রানে আউট হন মুম্বাই অধিনায়ক গালা। ইরা এর পর দ্বিতীয় উইকেটে দিক্ষা পাবারের সঙ্গে ১৮৬ রানে জুটি গড়েন। জবাবে ১৯ রানে অলআউট হয় মেঘালয়।
তবুও নারীদের অনূর্ধ্ব-১৯ ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চের কীর্তি ছুঁতে পারেননি ইরা। রেকর্ডটি দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লিজেলে লি। ২০১০ সালে ৪৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মুম্বাইয়ের শারদাশ্রম বিদ্যামন্দির স্কুলের শিক্ষার্থী ইরা। এ স্কুল থেকেই উঠে এসেছেন শচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি ও াজিত আগারকারের মতো তারকারা।