রাজবাড়ীতে কুষ্টিয়ার এক বাসচালক ও সুপারভাইজারকে মারধরের জেরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার কুষ্টিয়া থেকে দৌলতদিয়া রুটে কোনো বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জড়িতদের আইনের আওতায় না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার দাবি কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের।
জানা যায়, গত শুক্রবারে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসাতে কুষ্টিয়া এবং রাজবাড়ীর পরিবহন শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে গত শনিবার রাজবাড়ীর শ্রমিকরা কুষ্টিয়ার দুই পরিবহন শ্রমিককে মারধর করে হাত ভেঙে দেয় ও মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনায় কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিরসনে রাজবাড়ীর মালিক শ্রমিক নেতাদের আসার কথা বলেছি। কিন্তু তারা আসতে ভয় পাচ্ছেন। তবে খুব শিগগিরই আমরা একটা সমাধান করে ফেলব।’
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘সকালেই পরিবহন সেক্টরের নেতারা সমস্যার সমাধান করে ফেলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তাদের আসতে বলেছি। নেতারা এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’