জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান

চানখাঁরপুলে ৭ হত্যায় বরখাস্ত কনস্টেবল সুজন কারাগারে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের বরখাস্ত কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার সুজনকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। সুজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

অ্যাডভোকেট সুলতান মাহমুদ বলেন, ৫ আগস্ট বেলা ১১টার দিকে চারখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজনকে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেসব ভিডিওর স্থিরচিত্র আজ (গতকাল) ট্রাইব্যুনালে দাখিল করা হয়। শুনানি নিয়ে আদালত সুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে আদালত।