জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে উত্তেজনার ‘এল ক্লাসিকো’ জিতে নিয়ে ১৫তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন বার্সার ফুটবলাররা। ম্যাচ দেখে মনে হয়েছে, বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায়ই যেন জানা ছিল না রিয়ালের। ম্যাচ শেষে দলের এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে প্রথমার্ধে তার দল ফুটবলই খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান।
বার্সেলোনার কাছে ৫-২ গোলে শিরোপা হারিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’
দ্বিতীয়ার্ধের শেষ ৪০ মিনিট বার্সা ১০ জনের দলে বদলে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। ম্যাচে কোথায় নিজেদের ভুল হয়েছে তার ব্যাখ্যায় আনচেলত্তি যোগ করেন, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’
এ নিয়ে শেষ দুই এল ক্লাসিকোয় রিয়ালে জালে ৯ গোল দিলো বার্সা। গত অক্টোবরে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধেই চার গোল দিয়ে ৪-০ ব্যবধানে জেতেন হানসি ফ্লিকের শিষ্যরা।