জাকের-মানসির ঝড়ের পরও হার সিলেটের

উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের দাপুটে হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের কার্যকর ক্যামিও এবং হায়দার আলীর বিধ্বংসী ফিনিশিংয়ে চিটাগাং কিংস সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে। জবাবে জর্জ মানসি ও জাকের আলী অনিকের লড়াই সত্ত্বেও ৩০ রানে ম্যাচ হারতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পল স্টার্লিং শূন্য রানে নাবিল সামাদের বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। পাওয়ার প্লে'তে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে সিলেট।

দলীয় বিপর্যয়ের মাঝে স্কটল্যান্ডের জর্জ মানসি একপ্রান্তে লড়াই চালিয়ে যান। ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার।

শেষদিকে জাকের আলী অনিক ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে তার এই ঝড় সিলেটের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৩ রানে থামে সিলেটের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উসমান খান এবং গ্রাহাম ক্লার্ক শুরু থেকেই বিধ্বংসী রূপে দেখা দেন। উসমান ৩১ বলে ৬৪ রানের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান। অন্যদিকে, ক্লার্ক ৩৪ বলে করেন ৬২ রান, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার। এ জুটির ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে'তে চিটাগাং তোলে ৭০ রান।

উসমান ও ক্লার্কের বিদায়ের পর ইনিংসের শেষ দিকে মোহাম্মদ মিঠুন ১৭ বলে ২৬ রান করেন। আর হায়দার আলী ৮ বলে অপরাজিত ২১ রান করে দলকে ২০০ পেরোনো সংগ্রহ এনে দেন।