২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবু সাঈদের পরিবারের অভিযোগ

জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, শহিদ আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছিল। যহেতু এটা মানবতাবিরোধী অপরাধ, তাই লোকাল কোর্টে যতই মামলা হোক। এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করাটাই যথাযথ আবেদন।

তিনি আরও বলেন, তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে এসেছেন। আজকে সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব। অভিযোগ দায়ের করতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ঘটনার সময় উপস্থিত তার বন্ধুরা এসেছেন।

বিগত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।