আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

সাভারের আশুলিয়ায় বকেয়া পরিশোধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করে।

এ ঘটনায় শিল্পাঞ্চলের আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ। পরে বেলা ৩টার দিকে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজনকে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ৪ শতাধিক শ্রমিক ছাটাই করে। ছাটাইকৃত শ্রমিকরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এ ঘটনায় পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লাঠিচার্জ ও আন্দোলনকারীদের ছোঁড়া ইটপাটকেলে পুলিশ ও আন্দোলনকারীসহ বেশ কয়েকজন আহত হয়।

শিল্প পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ায় শারমিন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হলে মালিকপক্ষ কিছু শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে মালিকপক্ষ তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়ায় ৪৫৩ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। এ ঘটনায় সোমবার সকাল ১০টা থেকে এসব শ্রমিক বকেয়া পাওনা ও চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শারমিন গ্রুপের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়েও সড়ক থেকে সরাতে না পেরে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে রেখেছিল। প্রথমে আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করি, তবে তারা শোনেননি। পরে বিকেল ৩টার দিকে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছি।