বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা।
গতকাল সোমবার এফবিসিসিআই আয়োজিত দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম’ শীর্ষক সভায় দুই দেশের ব্যবসায়ী নেতারা এই আগ্রহ ব্যক্ত করেন।
এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান বলেন, বিগত বছরগুলোয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও কৃষি, বস্ত্র, ওষুধ, আইসিটিসহ সম্ভাবনাময় অনেক খাত এখনো অনাবিষ্কৃত থেকে গেছে। যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহু গুণ বৃদ্ধি করা সম্ভব।
এ সময় দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম বলেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।