প্রথম রাউন্ডেই সিতসিপাসের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে বলতে গেলে ছিল না কোনো অঘটন। তবে গতকাল দ্বিতীয় দিনে প্রথম রাউন্ড থেকে স্টেফানো সিতসিপাসের বিদায়কে অঘটন হিসেবেই দেখা হচ্ছে। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ গ্রিসের সিতসিপাস হেরেছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মিচেলসেনের কাছে। ২৪ গ্র্যান্ড সø্যাম জয়ী নোভাক জকোভিচ ও চার গ্র্যান্ড সø্যাম জয়ী আলকারাজ এবং শীর্ষ বাছাই ইয়ানিক সিনার উঠেছেন দ্বিতীয় রাউন্ডে।

পুরুষ এককের প্রথম রাউন্ড থেকে বিদায়ে ২৬ বছর বয়সী সিতসিপাসের আম-ছালা দুই-ই গেল। ১১তম বাছাই সিতসিপাসের এবার ডাবলসে খেলার কথা ছিল তার ভাই পিত্রোসের সঙ্গে। তবে এককে নিজের সম্ভাবনা জোরালো করতে দ্বৈত থেকে নাম প্রত্যাহার করে নেন সিতসিপাস। যুক্তরাষ্ট্রের মিচেলসেন ৭-৫, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন সিতসিপাসকে।

ম্যাচ শেষে সিতসিপাস বলেন, ‘এনার্জি ধরে রাখার জন্য আমি দ্বৈত থেকে নাম প্রত্যাহার করেছিলাম। যেন বেশি মনোযোগী হতে পারি এককে। আমার মনে হয় হিতে-বিপরীত হয়ে গেল বিষয়টা। আমি যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি।’ এই প্রথম গ্র্যান্ড সø্যামে মিচেলসেন র‌্যাংকিংয়ে শীর্ষ ২০-এর মধ্যে থাকা কাউকে হারালেন। মিচেলসেন নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় জয়ের পর কৃতিত্ব দিয়েছেন তার মা-কে। মিচেলসন টেনিস খেলা শুরু করেন তিন বছর বয়স থেকে। তার সন্দ্রা একজন স্কুল শিক্ষিকা। যিনি নিজে কলেজ জীবনে টেনিস খেলেছেন। মিচেলসন বলেন, ‘আমি নিশ্চিত তিনি (মা) আমাকে দেখছেন। তাকে ছাড়া আমি কখনোই এতদূর আসতে পারতাম না। ধন্যবাদ মা। আমি তোমাকে ভালোবাসি।’

জকোভিচকে জয় পেতে খেলতে হয়েছে চার সেট। যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় নীশেষ বাসবরেড্ডি প্রথম সেটে জকোভিচকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় দ্বিতীয় সেটে চোট সমস্যায় পড়েন, কিছুটা খোড়াতে থাকেন। আর প্রত্যাবর্তনের গল্প লিখে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জেতেন জকোভিচ।

তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ অবশ্য জিতেছেন তিন সেটেই। আলকারাজ ৬-১, ৭-৫, ৬-১ গেমে হারান আলেকজান্দার শেভচেনকোকে। শীর্ষ বাছাই এবং বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ইয়ানিক সিনার তিন সেটে জিতলেও প্রথম দুই সেটেই তার জয়টা এসেছে টাইব্রেকারে। সিনার ৭-৬ (৭/২), ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারান নিকোলাস জারিকে।

নারী এককে সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই ইগা সোয়াতেক, তৃতীয় বাছাই কোকো গফ, সপ্তম বাছাই জেসমিন গেগুলা। সোয়াতেক ৬-৩, ৬-৪ গেমে হারান ক্যাথেরিনা সিনিয়াকোভাকে। কোকো গফ ৬-৩, ৬-৩ গেমে হারান স্বদেশী সোফিয়া কেনিনকে। আর পেগুলা ৬-৩, ৬-০ গেমে হারান মায়া জইন্টকে। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাওমি ওসাকাও।