বিশ্বনাথকে স্ট্রাইকার বানাতে চান ডুলি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান কোচ টমাস ডুলি। তবে শুধু জয় নয়, ম্যাচে খেলোয়াড়দের অবস্থান, আক্রমণভাগের দুর্বলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাংলাদেশের একজন প্রকৃত নাম্বার নাইন প্রয়োজন। সেই শূন্যতা পূরণে বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলানোর পরিকল্পনা করছেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘সামগ্রিকভাবে এই ম্যাচ নিয়ে আমি খুশি। আমাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট পাওয়া, সেটি অর্জন করতে পেরেছি। প্রথমার্ধের ২০-৩০ মিনিট এবং দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিট আমরা দারুণভাবে বল দেওয়া-নেওয়া করেছি। অনেক সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু বক্সে আমাদের খেলোয়াড়ের সংখ্যা কম ছিল। প্রতিপক্ষের বক্সে সাত-আটজন খেলোয়াড় থাকলেও আমাদের ছিল মাত্র একজন বা দুজন। এ জায়গাটিতে পরিবর্তন আনতে চাই।’

আক্রমণভাগে বাংলাদেশের নাম্বার নাইন সংকট নিয়ে প্রশ্ন উঠলে কোচ স্বীকার করেন, দলে প্রকৃত স্ট্রাইকারের অভাব রয়েছে। এ জায়গায় বিশ্বনাথ ঘোষকে নতুন ভূমিকায় দেখতে চান তিনি। বিশ্বনাথকে নিয়ে ডুলির পরিকল্পনা বেশ পরিষ্কার। রক্ষণভাগে তার আগ্রাসী খেলার ধরন কখনো কখনো ঝুঁকি তৈরি করে বলে মনে করেন কোচ। তাই সেন্টারব্যাকের পরিবর্তে আক্রমণভাগে তাকে বেশি কার্যকর মনে করছেন তিনি। ডুলি বলেন, ‘আমাদের কোনো নাম্বার নাইন নেই। একজন খুঁজে বের করতে হবে। বিশ্বনাথ খুবই আক্রমণাত্মক খেলোয়াড়। সে কখনো থামে না, পুরো শক্তি দিয়ে খেলে। একজন ডিফেন্ডারের জন্য তাকে সামলানো কঠিন। আক্রমণভাগে সে যে শক্তি নিয়ে আসে, সেটি আমাদের কাজে লাগাতে চাই।’

সান মারিনো সফরে রাইট উইংয়ে খেলিয়ে বিশ্বনাথের কাছ থেকে ভালো পারফরম্যান্স পেয়েছিলেন ডুলি। গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে দুটি সুযোগ তৈরি করার পাশাপাশি দ্বিতীয় গোলে সহায়তাও করেছিলেন তিনি। তাই এবারও তাকে গোলের সামনে দেখতে চেয়েছিলেন কোচ। তবে ভুটানের বিপক্ষে গোল পাননি বিশ্বনাথ। এদিকে ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে বদলি হিসেবে নেমে গোল করা ইব্রাহিমের প্রশংসাও করেছেন ডুলি। কোচ জানিয়েছেন, অনুশীলনে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এ ফরোয়ার্ড। শুরুতে তাকে নিয়ে নিশ্চিত ছিলেন না কোচ নিজেও।

ইব্রাহিমকে মাঠে নামানোর পেছনে ছিল কৌশলগত পরিকল্পনাও। বিশ্বনাথ ক্লান্ত হয়ে পড়ায় এমন একজন খেলোয়াড় প্রয়োজন ছিল, যিনি বল ধরে রেখে সতীর্থদের আক্রমণে ওঠার সুযোগ করে দিতে পারবেন। ইব্রাহিমকে নামিয়ে শমিতকে আরও সামনে খেলান ডুলি। তার পরিকল্পনা ছিল ইব্রাহিমের মাধ্যমে আক্রমণ তৈরি করা এবং শমিতকে গোলের সামনে রাখা। কিন্তু শেষ পর্যন্ত নিজেই গোল করে পরিকল্পনাকে আরও সফল করে তোলেন ইব্রাহিম।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও বক্সে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ডুলি। তার মতে, উইং থেকে ক্রস আসার সময় নাম্বার টেন ও নাম্বার এইটকেও বক্সে পৌঁছাতে হবে। পাশাপাশি প্রতিপক্ষকে মাঝমাঠে জায়গা না দেওয়ার কৌশলও আরও ভালোভাবে রপ্ত করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত