জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল সোমবার তারা এ অভিযোগ করেন।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল গণমাধ্যমকে বলেন, শহীদ আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছিলেন। যেহেতু এটা মানবতাবিরোধী অপরাধ, তাই লোকাল কোর্টে যতই মামলা হোক, এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করাটাই যথাযথ আবেদন।
তিনি আরও বলেন, ‘তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে এসেছেন। আজকে সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ তাজুল ইসলাম আরও বলেন, অভিযোগ দায়ের করতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ঘটনার সময় উপস্থিত তার বন্ধুরা এসেছেন।
গত ১৬ জুলাই গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।