ফর্টিসকে হারিয়ে টিকে রইলো ব্রাদার্স, জিতেছে পুলিশও

ফেডারেশন কাপে ফর্টিসের অপরাজেয় যাত্রায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ব্রাদার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফর্টিস। তবে তাদের ১-০ গোলে হারিয়ে গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে ব্রাদার্স। গ্রুপের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার দাবি জানিয়ে রেখেছে বাংলাদেশ পুলিশ এফসি।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ। খেলার ৪২ মিনিটে স্পট কিকে ওয়ান্ডারার্সকে এগিয়ে নেন মোহাম্মদ ইমন। দ্বিতীয়ার্ধেও লিড ধরে রেখে জয়ের পথে ছিল ওয়ান্ডারার্স। তবে ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল করে পুলিশ জয় কেড়ে নেয় ওয়ান্ডারার্সের কাছ থেকে। পুলিশের হয়ে সমতা টানেন মান্নাফ রাব্বি। এরপর জয়সূচক গোলটি করেন এহসানুর রহমান।

একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফর্টিসকে ১-০ গোলে হারায় ব্রাদার্স। ম্যাচের একমাত্র গোলটি করেন কায়সার আলী রাব্বী। এর আগে গত ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাদার্স।

খেলা শুরুর ৩৬ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। ফর্টিসের মাজহারুলের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন সাজ্জাদ হোসেন। তার পাস থেকে আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার রাব্বী। এরপর একাধিক চেষ্টা করেও আর ম্যাচ ফিরতে পারেনি ফর্টিস। হেরেও ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ফর্টিস। ৪ খেলায় দুই জয় এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ক্লাবটির।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ব্রাদার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে এই গ্রুপ থেকে টেবিলের চারে পুলিশ এফসি। তাই এখনই বলা যাচ্ছে না এই গ্রুপ থেকে কাদের জুটবে কোয়ালিফায়ার্সের টিকিট।