এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে আজ দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থার উপপরিচালক আবু সাইদ এস আলমের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ চেয়ে আদালতে পৃথক দুটি আবেদন করেন। দুদকের পক্ষে আইনজীবী রেজাউল হক রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, এস আলম পরিবারের যাদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।