গঠনতন্ত্রে ক্লাবের অধিকার না ফিরলে লিগ বর্জনের হুমকি

ঢাকার ক্লাব ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে ক্লাবগুলো ফুঁসে উঠেছে। বিসিবির সংশোধনীতে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংস্থা সিসিডিএম বিলুপ্তির প্রস্তাব এবং ক্লাব কোটার কাউন্সিলরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাব প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবগুলোর মতবিনিময় সভায় বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটিকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে ক্লাবসমূহ। তাদের দাবি, গঠনতন্ত্রের খসড়া সংশোধন করে ক্লাবের অধিকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ক্লাবগুলো।

বিসিবির প্রস্তাবিত সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তির পাশাপাশি ঢাকার ক্লাব কোটার কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার এবং বিসিবির পরিচালনা পরিষদে ক্লাব কোটার সদস্য সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ক্লাব প্রতিনিধিদের মতে, এটি ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ও অধিকার ক্ষুণ্ণ করার শামিল।

সভায় সভাপতির বক্তব্যে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, 'অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবগুলোর যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে। আগামী তিন দিনের মধ্যে এই বিষয়ে সুরাহা করা না হলে আমরা প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লিগ বর্জন করব।'

তিনি আরও বলেন, 'প্রিমিয়ার ডিভিশনের আসন্ন দলবদল বন্ধ করে দেওয়া হবে এবং পরিস্থিতি আরও অস্থিতিশীল হলে গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে জবাবদিহি করতে হবে।'

সিসিডিএম-এর আওতাধীন ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পু। আরও বক্তব্য রাখেন সিসিডিএম-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের সভাপতি লুৎফর রহমান বাদল, এবং আবাহনীর কর্মকর্তা জিএস হাসান তামিম।

সভায় রফিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে, যা ক্লাবগুলোর স্বার্থ রক্ষা এবং বিসিবির সংশোধনী বাতিলের জন্য কাজ করবে।

ক্লাবগুলোর এই একজোট হয়ে আলটিমেটাম দেওয়া বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা ক্লাব ক্রিকেট দেশের ঘরোয়া ক্রিকেটের মূল ভরকেন্দ্র হওয়ায় তাদের বর্জন দেশের ক্রিকেট কাঠামোকে অস্থিতিশীল করতে পারে। এখন দেখার বিষয়, বিসিবি এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেয়।

ক্লাব প্রতিনিধিদের আলটিমেটামের সময়সীমা শেষ হবে আগামী তিন দিনের মধ্যে। এই সময়ের মধ্যে বিসিবি গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে। তবে, যদি দাবি পূরণ না হয়, তাহলে দেশের ঘরোয়া ক্রিকেট লিগে সংকট তৈরি হতে পারে।