কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগমকে (৩৫) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, হত্যা, মাদক-অস্ত্রসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার আদর্শ সদরে আরেকটি অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গত সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সন্ত্রাসীরা হলেনÑ জাকির (৩৮) ও লিটন (৪২)। অভিযানের সময় দুটি পিস্তল, চীনা চাপাতি, দেশীয় অস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প-১ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, প্রথমে সন্ত্রাসী জাকিরের (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। এরপর লিটনের (৪২) বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি। এ ব্যাপারে ক্যাপ্টেন সাদমান বলেন, অভিযান শেষে আটক দুই সন্ত্রাসীসহ উদ্ধার করা অস্ত্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে চট্টগ্রামের আনোয়ারায় বিস্ফোরক মামলায় বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুল ইসলাম বরুমচড়া এলাকার শাহাব মিয়ার ছেলে। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য।
তা ছাড়া নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে ডোমার পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার চিকনমাটি ধনীপাড়া মহল্লার ফারুক হোসেনের ছেলে। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।