৪ সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে আজ

প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক এই চার সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে আজ বুধবার। আর জনপ্রশাসন সংস্কার কমিশন আংশিক সুপারিশ জমা দেবে। তবে চলতি মাসের শেষ দিকে জনপ্রশাসন ও আইন সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। পরে সময় বাড়ানো হয়। 

ছয় সংস্কার কমিশন ছাড়াও ১৮ নভেম্বর গণমাধ্যমসহ স্থানীয় সরকার, শ্রম, স্বাস্থ্য এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়। ফেব্রুয়ারি ১৭ তারিখ এই পাঁচ কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।