নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহমান (৩৩) জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হীরাপুর গ্রামের হাওলাদার বাড়ির মাওলানা সাইদুল হকের ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। গত সোমবার সন্ধ্যার দিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ আবদুর রহমান ও হাবিবুর রহমান (২৫) নামের দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান। তাদের দুজনের শরীরে জখম ছিল। কিন্তু তাদের শরীরে গুরুতর কাটাছেঁড়া কিছু ছিল না। হাসপাতালে ভর্তি থাকা হাবিবুর রহমানের অবস্থা এখন শঙ্কামুক্ত নয়।
নিহত আবদুর রহমানের চাচা মো. হানিফ অভিযোগ করে বলেন, ‘সোমবার ভোররাতের দিকে যৌথবাহিনী হাওলাদার বাড়িতে অভিযান চালায়। একপর্যায়ে আমার ভাতিজা আবদুর রহমান ও একই বাড়ির আরেক ভাতিজা হাবিবুর রহমানকে তাদের ঘর থেকে আটক করে। আটকের পর তাদের পরিবারের সদস্যদের সামনে মারধর করা হয়। এরপর সকালে স্থানীয় পশ্চিমপাড়া বাবুলের দোকানের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তাদের কাছ থেকে কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। এরপর সকাল ৮-৯টার দিকে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়।’
হানিফ জানান, ভাতিজাকে থানায় সোপর্দ করার পর তারা থানায় গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তখন তারা পুলিশকে অনুরোধ করেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে। তখন পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর পর আদালতে আবেদন করলে সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তখন মারধরের ঘটনা ঘটেনি। যখন তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়, তখন তাদের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাদের স্থানীয় বজরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আবদুর রহমানের বিরুদ্ধে থানায় মারামারির ঘটনায় হওয়া আগের তিনটি মামলা রয়েছে। আর হাবিবের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের কাছ থেকে রাইফেলের লম্বা দুটি গুলি ও তিনটি রাম দা উদ্ধার করা হয়েছে।’