আমি কারাগারে বৈষম্যের শিকার: পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অভিযোগ করে বলেছেন, আমাকে কারাগারে কথা বলতে দেওয়া হয় না। ১০ মিনিটিও কথা বলতে দেয় না। আমি কারাগারে বৈষম্যের শিকার। মানুষের যে মৌলিক মানবাধিকার আছে, সেটা আমার ক্ষেত্রে লঙ্ঘন করা হচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থী শামীম হত্যাচেষ্টার মামলার রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় এ অভিযোগ করেন তিনি।

এদিন সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ড শুনানির জন্য বুধবার পলককে আদালতে নেওয়া হয়। এ সময় পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আড়াই মাস ধরে কারাগারে পলকের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বৈষম্যের শিকার। তাকে অন্তত পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার অনুরোধ করেন তিনি।

এ সময় বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি পলক। নিরাপত্তার স্বার্থে তাকে এখন ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। ফোনে কথা বলতে দিলে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারেন। শুনানি শেষে বিচারক আসামি পলকের কারাগারে ফোনে কথা বলার আবেদন নামঞ্জুর করেন।