ভারতীয় নারী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটি। অফফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ পান প্রতিকা রাওয়াল। ওই সিরিজের ৩ ম্যাচে ১৩৪ রান করেছিলেন। এর পর সুযোগ পান আয়ারল্যান্ড সিরিজেও। আজ শেষ ওয়ানডেতে ১২৯ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন প্রতিকা। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে ভারপ্রাপ্ত অধিনায়ক স্মৃতি তুলে নেন দশম সেঞ্চুরি। এ দুজনের কীর্তিতে রাজকোটে অনেকগুলো নতুন রেকর্ড গড়েছে ভারতীয় নারী দল।
দুজনের ভারতের ইতিহাসে ২৩৩ রানের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির ভিত্তিতে ৫ উইকেটে ৪৩৫ রান সংগ্রহ করে ভারত। ওয়ানডে ইতিহাসের এটিই এখন ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড, সামগ্রিকভাবে যা চতুর্থ সর্বোচ্চ। জবাবে ১৩১ রানে আইরিশরা গুটিয়ে গেলে ভারত জয় পায় ৩০৪ রানের। নারী ওয়ানডেতে এটিই এখন ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগেরটিও ছিল আইরিশদের বিপক্ষে, পচেফস্ট্রুমে ২০১৭ সালে ২৪৯ রানে জিতেছিল ভারত।
৭০ বলে ভারতের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েন স্মৃতি। তার ৮০ বলে ১৩৫ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ছুঁতে প্রতিকার লাগে সমান ১০০ বল। ২০ চার ও ১ ছক্কায় প্রতিকার ১২৯ বলে ১৫৪ রানের ইনিংসটি ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের কীর্তি। তার উপরে আছেন শুধু হারমানপ্রিত কৌর (১৭১*) এবং দিপ্তি শর্মা (১৮৮)।
১৩তম ওভারেই উদ্বোধনী জুটিতে ১০০ রান ছুঁয়ে ফেলেন স্মৃতি-প্রতিকা। ছয় ইনিংসের চারটিতেই শতরানের জুটি গড়ার কীর্তি গড়েন দুজন।