ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার জেমস ভিন্স নিরাপত্তা শঙ্কায় পরিবার নিয়ে দুবাইতে পাড়ি জমাচ্ছেন। পাশাপাশি ১০ বছর ধরে বহন করা হ্যাম্পশায়ারের অধিনায়কত্বের দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে হ্যাম্পশায়ার হকসের হয়ে ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন এই তারকা ক্রিকেটার।
হ্যাম্পশায়ার ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, 'ভিন্স তার চুক্তির শেষ বছরে সংশোধনী সই করেছেন। এতে তিনি ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি এ বছর লাল বলের ক্রিকেট খেলবেন না। তিনি ক্লাবের অধিনায়কত্ব ছেড়ে দিলেও হ্যাম্পশায়ার হকসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।'
২০২৪ সালে ভিন্সের জন্য ছিল ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জিং একটি বছর। তার পরিবারের বাড়ি ও গাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটে, যা ভিন্স মনে করেন ভুল পরিচয়ের কারণে হয়েছে। এসব ঘটনায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিল। সন্তানদের সুরক্ষার কথা চিন্তা করে পরিবার নিয়ে দুবাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
২০০৯ সালে ১৮ বছর বয়সে হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক হওয়া ভিন্স এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি রান করেছেন। তিনি ভিটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দলটির হয়ে তিনটি টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন।
বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং ৫৫টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
লাল বলের ব্যস্ত সূচি ও ব্যক্তিগত জীবনের চাপের কারণে ভিন্স সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে চান। এ সিদ্ধান্ত তার ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সহায়তা করবে বলে মনে করেন তিনি।
জেমস ভিন্সের এই পদক্ষেপ কেবল হ্যাম্পশায়ারের জন্যই নয়, ইংলিশ ক্রিকেটের জন্যও এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।