বগুড়ার শেরপুরে অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঘোড়া জবাই করার অপরাধে দুই যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)।
জানা যায়, ধড়মোকাম এলাকার তৌহিদ আহমেদের বাড়িতে ঘোড়াটি জবাই করে চামড়া ছিলে ফেলে তারা। পরে, বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, কয়েকজন বন্ধু মিলে নিছক মনের বাজে ইচ্ছা পূরণে ঘোড়ার মাংস দিয়ে পিকনিক করার সিদ্ধান্ত নিয়ে এ কাজ করেছে। তাদের ১৫১ ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।