ঝিনাইদহে যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে কাউসার আলী নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন মুখোশধারী বাড়িতে এসে তার স্বামীকে তুলে নিয়ে যায়। পরে চাঁদপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোধের জেরে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই। গত মঙ্গলবার রাতে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া (৩৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদহ উদ্ধার করা হয়। নিহত লায়লা আরজু রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাজের মেয়ে সাইদা বেগম (৩৮) ও তার স্বামী মো. হালিমকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে ।

চাঁদপুর শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। গতকাল সকালে লাশটি উদ্ধার করেন চাঁদপুর নৌথানা পুলিশ। সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঝিনাইদহ, মানিকগঞ্জ ও চাঁদপুর প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা]