চলতি বিপিএলে সবচেয়ে বাজে পারফর্মেন্স করা তিনটি দলের একটি হলো দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তারা জিতেছে ২টি। সেইসঙ্গে নেট রানরেটের অবস্থা খারাপ হওয়ায় পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছয় নম্বরে। এসব কারণে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা দুর্বার রাজশাহীকে ‘দুর্বল’ রাজশাহী বলে ট্রোল করছেন। সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু।
বিপিএলের প্রায় অর্ধেক ম্যাচ হয়ে গেলেও এখনো কোনো টাকাই পাননি রাজশাহীর ক্রিকেটাররা। তাদেরকে চেক দেওয়া হলেও সেটা ব্যাংকে বাউন্স করেছে। এর প্রতিবাদে গতকাল অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবারের মাঝে টাকা না পেলে তারা আগামীকালের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন। এবার রাজশাহীর কোচ মেহরাব হোসেন অপি বললেন, টাকা পেলে পারফর্মেন্সেরও উন্নতি হবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পারিশ্রমিক না পাওয়ার বিষয়টির সমালোচনা করেন অপি। দেশের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।’
অনুশীলন বর্জনের প্রসঙ্গ টেনে অপি আরও বলেন, ‘বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি। পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই… খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে। আগামীতে ইনশাআল্লাহ পথচলা যাতে সুন্দর হয়।’
শুধু পারিশ্রমিক ইস্যুই নয়, ব্যাবস্থাপনাতেও ব্যাপক ‘দুর্বল’ রাজশাহী। অপি জানালেন ক্রিকেটারদের কিট ব্যাগও নেই! তার ভাষায়, ‘কিট ব্যাগ ভারত থেকে অর্ডার করেছিলাম। হেলমেট, প্যাড ও গ্লাভস এসেছে। কিট ব্যাগ আনা হয়নি। বড় একটা কারণ ছিল- ইমিগ্রেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। অন্যান্য দল হয়ত আরও আগে থেকে শুরু করেছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি, যখন ঘনিয়ে আসে বিপিএল তখন অর্ডার করি।’