চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিওর পুরোটা জুড়ে ভারত, বাংলাদেশ কোথায়?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাসখানেকের মতো বাকি। ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি এরই মধ্যে জোরালো প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেট’ ফিরে আসার ঘোষণা সম্বলিত একটা ভিডিও। সেই ভিডিওর বেশিরভাগটা জুড়ে শুধু ভারত। এছাড়া আয়োজক দেশ পাকিস্তান থাকলেও বাংলাদেশের উপস্থিতি নেই বললেই চলে।

১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওর শুরুতেই দেখা যায় ‘সুলতান অব সুইং’ খ্যাত পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামকে। ভিডিওর নেপথ্য কণ্ঠটাও তার। ওয়াসিমের বয়ানে বলা হয়, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, তখন চ্যাম্পিয়নরা সবকিছু বাজি রাখে।’ এতে ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের শিরোপা উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সময় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সাদা ব্লেজার পরা দৃশ্য দেখানো হয়েছে।

তবে ভিডিওর পুরোটা জুড়েই ছিল ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার গুরুত্বপূর্ণ মুহূর্ত, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংসহ নানা ঘটনা গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। ১ মিনিট ৫ সেকেন্ডের বুমরার উইকেট শিকারের ফুটেজে খোঁজ মেলে বাংলাদেশের। তবে সেখানে গুরুত্ব পেয়েছেন বুমরাই। এছাড়াও আছে জো রুটের সেঞ্চুরি, ট্রাভিস হেডের ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সেঞ্চুরি উদযাপন, সেই বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি, আফগানিস্তানের মুজিব-উর রহমান ও রশিদ খানের স্পিন জাদু।

ভিডিওর একেবারে শেষদিকে তাসকিন আহমেদের উদযাপনের ক্রপ করা একটি ফুটেজ দেখানো হয়। স্রেফ এটুকুই। বাংলাদেশি ক্রিকেটারদের কোনো স্মরণীয় মুহূর্ত সেই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়নি। সোজা কথায়, আইসিসির এই ভিডিওতে বাংলাদেশকে খুঁজে পাওয়াই মুশকিল। পাশাপাশি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোরও কোনো আইকনিক মুহূর্ত ভিডিওতে স্থান পায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত