‘মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

বিশ্ব ফুটবলে এই সময়ের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন লামিনে ইয়ামাল। অসাধারণ ফুটবল নৈপূণ্য দেখিয়ে ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার অল্পতেই পেয়েছেন তারকাখ্যাতি। অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গেও তুলনা করছেন। এবার বার্সেলোনার মিডফিল্ডার গাভি বললেন, মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার।

গতকাল বুধবার রাতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচটিতে দুটি অ্যাসিস্টের পাশাপাশি একটি দর্শনীয় গোলও করেছেন ইয়ামাল। আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি। সব মিলিয়ে চলতি মৌসুমে ইয়ামালের গোল হয়েছে ৯টি, অ্যাসিস্ট ১৩টি। পাশাপাশি দুর্দান্ত সব পাস, প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানোতে তার জুড়ি নেই।

বেতিসের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামালকে নিয়ে বার্সা তারকা গাভির কাছে জানতে চাওয়া হয়- ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে গেছেন কিনা? জবাবে গাভি বলেন, ‘হ্যাঁ, সে-ই সেরা। লিওনেল মেসির পর… মেসির পর সে (ইয়ামাল) সেরা।’ বার্সা কোচ হান্সি ফ্লিকও এতে একমত হয়েছেন, ‘আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)। এটা তো সবাই দেখতেই পাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত