নিজ বাসভবনে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ঘটনার পরপরই সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।
এদিকে প্রশ্ন উঠেছে সাইফ আলি খানের উপর হামলার সময় কোথায় ছিলেন তার স্ত্রী কারিনা কাপুর খান। জানা গেছে, সাইফের ওপর হামলার আগে বুধবার রাতে কারিনা পার্টি করছিলেন। বোন কারিশ্মা কাপুর, সোনাম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন তিনি।
তবে ঘটনার সময় কারিনা সাইফের সাথে বাসায় ছিলেন কিনা তা জানা যায়নি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরায় হাসপাতালে চিন্তিত অবস্থায় দেখা গিয়েছে কারিনাকে।
পুলিশ জানিয়েছে, সাইফের সঙ্গে হামলাকারীর রীতিমতো হাতাহাতি হয়েছে। অভিনেতাকে ৬ বার ছুরি দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তরা। এসময় বাড়ির অন্যান্য সদস্যরা চেচামেচি শুরু করলে হামলাকারী পালিয়ে যায়।
অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোনও অস্ত্র ছাড়াই সাইফ ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। পরিবারকে রক্ষা করতে বেশিই দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
এই ঘটনায় পর স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। সাইফ ও কারিনা দু’জনের টিম থেকে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়।
কারিনার টিম থেকে জানানো হয়, ‘গত রাতে সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। সাইফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ঘটনায় দয়া করে কোনও ধরনের অগ্রীম গুজব ছড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত করছে এবং আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
সাইফের সদস্যদের পক্ষ থেকে বলা হয়, ‘সাইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ধৈর্য ধরুন। এবং এটি একটি পুলিশি তদন্তের বিষয়।’